নদিয়ায় মুখ্যমন্ত্রীর ঝড়, ৬ তারিখ শান্তিপুরে সভা-তিন কেন্দ্রে প্রচারের জল্পনা

Apr 6, 2026 - 13:41
 8
নদিয়ায় মুখ্যমন্ত্রীর ঝড়, ৬ তারিখ শান্তিপুরে সভা-তিন কেন্দ্রে প্রচারের জল্পনা

বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় প্রচারে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করতে চলেছেন তিনি। সূত্রের খবর, এই সফরে আরও দু'টি বিধানসভা কেন্দ্রেও সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

শান্তিপুর পৌরসভার পরিচালিত পৌর স্টেডিয়ামেই আয়োজন করা হয়েছে এই জনসভার। ইতিমধ্যেই জোরকদমে চলছে মঞ্চ তৈরির কাজ। শনিবার থেকেই প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শন করে গিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।

তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, নির্বাচনের আগে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ীই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

সূত্রের খবর, জনসভা শেষে শান্তিপুরেই একটি বেসরকারি রিসর্টে রাত কাটাতে পারেন মুখ্যমন্ত্রী। পরদিন সেখান থেকেই অন্য জেলায় পরবর্তী নির্বাচনী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

নদিয়ায় মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এই সভা জেলার নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর সকলের।