দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদে উত্তপ্ত হাসনাবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনার হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া, হরিকাটি-সহ একাধিক এলাকায় কয়েকশো মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। স্থানীয়দের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত এই এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালঞ্চ-টাকি রোড। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মাখালগাছার হাবাসপুর ব্রিজের সামনে কয়েকশো মানুষ জড়ো হন।
সকাল আটটা নাগাদ হাসনাবাদ রোড অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু হয়, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের একটাই দাবি-অবিলম্বে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। এসডিপিও ওমর আলী মোল্লা-এর নেতৃত্বে প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দু'ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা, স্বাভাবিক হয় যান চলাচল।
তবে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ভোটের আগে হঠাৎ এত সংখ্যক নাম বাদ পড়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।