দুর্গাপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে ভস্মীভূত পতাকা-ফেস্টুন

Feb 27, 2026 - 08:13
 14
দুর্গাপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে ভস্মীভূত পতাকা-ফেস্টুন

দুর্গাপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় অবস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দলীয় কর্মীদের। কর্মীরা এসে কার্যালয়ের দরজা খুলে দেখেন, আগুনে প্রায় সব সামগ্রী পুড়ে গিয়েছে। দ্বিতীয় তলার একটি ঘরে বিপুল পরিমাণ দলীয় পতাকা, ফেস্টুন ও অন্যান্য প্রচার সামগ্রী মজুত ছিল, যা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।