তৃতীয় দিনেও জোরদার এনআইএ তদন্ত, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ-আজই কলকাতায় ফিরছে দল

Apr 6, 2026 - 06:46
 9
তৃতীয় দিনেও জোরদার এনআইএ তদন্ত, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ-আজই কলকাতায় ফিরছে দল

মালদা: মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় দিনেও তদন্তে গতি বজায় রাখল এনআইএ। রবিবার কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালান তদন্তকারীরা।

এনআইএ সূত্রে খবর, প্রাথমিক তদন্তপর্ব শেষ করে আজই কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। আগামীকালই প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও জোর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সংস্থার একটি বিশেষ দল কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কী কী ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং যাতায়াতের সময় কোথায় কোথায় বাধা দেওয়া হয়েছিল-এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়।

পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার সকালে কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তলব বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনেরও বেশি মানুষকে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, যা প্রাথমিক রিপোর্ট তৈরিতে বড় ভূমিকা নেবে।