টিকিট পরীক্ষক সেজে ভিন রাজ্যের যাত্রীদের প্রতারণা, সাঁতরাগাছিতে গ্রেফতার দুই

Feb 15, 2026 - 07:56
 17
টিকিট পরীক্ষক সেজে ভিন রাজ্যের যাত্রীদের প্রতারণা, সাঁতরাগাছিতে গ্রেফতার দুই

টিকিট পরীক্ষক সেজে দূরপাল্লার ট্রেনে আসা ভিন রাজ্যের যাত্রীদের প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সাঁতরাগাছি স্টেশন চত্বরে। অভিযোগ, ওই দুই ব্যক্তি নিজেদের টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকত। তারা দূরপাল্লার ট্রেনে আসা যাত্রীদের হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে সংযোগকারী ট্রেন ধরিয়ে দেওয়া এবং টিকিট কেটে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করত। এরপর সুযোগ বুঝে যাত্রীদের টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুঠ করে চম্পট দিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে হাওড়া, শিয়ালদহ স্টেশন ও সাঁতরাগাছি স্টেশন এলাকায় একাধিক অভিযোগ জমা পড়েছিল। গতকাল আরও দুই ভিন রাজ্যের যাত্রী প্রতারিত হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযান চালায়। অভিযানে মিথিলেশ কুমার ও কুমার মাহাতো নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই প্রতারণা চক্রে মোট পাঁচজন জড়িত ছিল। তবে অভিযানের সময় তিনজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জেরা করে পলাতক অভিযুক্তদের পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি স্টেশন চত্বরে নজরদারি আরও বাড়ানো হচ্ছে, যাতে ভবিষ্যতে যাত্রীরা এ ধরনের প্রতারণার শিকার না হন।

পুলিশ সাধারণ যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অচেনা কারও কথায় পড়ে টিকিট বা ট্রেন সংক্রান্ত সাহায্য নেওয়ার আগে সংশ্লিষ্ট স্টেশনের সরকারি কাউন্টার বা রেলওয়ে কর্মীদের কাছেই যোগাযোগ করা উচিত।