চন্দ্রকোনার জনসভা থেকে উন্নয়ন ও কৃষি ইস্যুতে কেন্দ্রকে তোেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর:
বিধানসভা ভোটের আগে চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দোলই এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে বসনছোড়া ফুটবল ময়দানে আয়োজিত এই জনসভায় তিনি বক্তব্য রাখেন।
সভা থেকে অভিষেক কেন্দ্রকে নিশানা করে বলেন, "বিজেপি ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কেউ কি সেই টাকা পেয়েছেন?" একই সঙ্গে ১০০ দিনের কাজ, আবাসন, রাস্তা, জল ও শিক্ষা প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও কৃষকরা।
কৃষি ইস্যুতে সরব হয়ে তিনি সারের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য, "২০২৪ সালে যে সারের দাম ছিল ১৪০০ টাকা, তা এখন বেড়ে ১৮৭০ টাকায় পৌঁছেছে।" পাশাপাশি আলু চাষিদের স্বার্থে রাজ্য সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। "ফলন বেশি হলেও কোনও কৃষককে অভাবে আলু বিক্রি করতে হবে না, সরকার ন্যায্য দামে তা কিনে নেবে,"-দাবি তাঁর।
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে উদ্যোগ নিয়েছে এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়াও রাজ্যে নতুন ৫০টি হিমঘর তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, একাধিক সেতু নির্মাণ, সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, যুব সাথী প্রকল্প-সব ক্ষেত্রেই মানুষের পাশে রয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, "বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতিকে অস্বীকার করা হচ্ছে, যা আমরা মেনে নেব না।"
শেষে চন্দ্রকোনা ও ঘাটালের প্রার্থীদের জয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে এই এলাকার সঙ্গে যুক্ত থাকব এবং মানুষের পাশে থাকব।"
সবমিলিয়ে, ভোটের আগে চন্দ্রকোনার এই জনসভা থেকে উন্নয়ন ও কৃষি ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দিল তৃণমূল কংগ্রেস। 8:41 PM