ঘাটাল-চন্দ্রকোনায় মানবিক মুখ কেন্দ্রীয় বাহিনীর, বয়স্ক ভোটারদের পাশে নজিরবিহীন উদ্যোগ
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় ভোটের দিনে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক অন্য মানবিক ভূমিকা। বিভিন্ন ভোটকেন্দ্রে বয়স্ক ভোটারদের বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তা করতে দেখা যায় জওয়ানদের।
কোথাও বয়স্ক ভোটারদের বসার জন্য চেয়ার এগিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও তাঁদের কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভোটকেন্দ্র পর্যন্ত। এমনই এক দৃশ্য ধরা পড়েছে দাসপুর বিধানসভার বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা ৮১ বছরের লতিকা রানী মাইতির ক্ষেত্রে।
জানা গেছে, কয়েকদিন আগে দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়, ফলে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবুও ভোটাধিকার প্রয়োগ করতে টোটো করে পৌঁছে যান তিনি। এরপর BLO এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কোলে তুলে বেলিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়ের ২৩ নম্বর বুথে নিয়ে যান। ভোট দেওয়ার পর আবার নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন তাঁরা।
এই মানবিক উদ্যোগে খুশি লতিকা দেবীর পরিবার। শুধু এই ঘটনাই নয়, ঘাটাল ও চন্দ্রকোনা জুড়ে এমন আরও বহু ছবি উঠে এসেছে, যেখানে ভোটের দিনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনকর্মীরা।