খেজুরীতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে উত্তাল বীরবন্দর বাজার

Mar 8, 2026 - 18:36
 14
খেজুরীতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে উত্তাল বীরবন্দর বাজার

খেজুরী, পূর্ব মেদিনীপুর:

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভার অন্তর্গত বীরবন্দর বাজারে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বাজারের বিভিন্ন প্রান্তে লাগানো দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে নষ্ট করে দেয়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের হাত রয়েছে। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে রবিবার সকালে খেজুরীর বীরবন্দর এলাকায় একটি বড় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকেরা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন।

তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।