ক্যানিংয়ে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ, উত্তেজনা এলাকায়

Apr 22, 2026 - 15:09
 0
ক্যানিংয়ে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ, উত্তেজনা এলাকায়

ক্যানিং বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনা ছড়াল।

আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম-এর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দেউলী ১ নম্বর অঞ্চলের আঁখড়াতলা এলাকায়।

অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বাঁশ ও লাঠি নিয়ে হামলার পাশাপাশি ইট ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙার ঘটনাও ঘটে বলে দাবি আইএসএফের। এই ঘটনায় একাধিক কর্মী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ।

আইএসএফের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পুলিশের সামনেই এই হামলা চালানো হলেও হামলাকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।