ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, মামলা দায়ের সাংবাদিকের
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন এক সংবাদমাধ্যম কর্মী। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, ২০২৪ সালের ১ জুন লোকসভা নির্বাচনের দিন ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বান্টি মুখার্জি নামে এক সংবাদমাধ্যম কর্মী। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু মারধরই নয়, তাঁর মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়, যার ফলে গুরুতর জখম হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, আঘাতের জেরে তাঁর মাথার খুলি ভেঙে টুকরো টুকরো হয়ে ব্রেনের মধ্যে গেঁথে গিয়েছিল।
এই ঘটনার প্রায় এক বছর পর পুরনো সেই মারধরের ঘটনাতেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস-সহ মোট তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছেন ওই সাংবাদিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬ এবং ৩৪ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু হয়েছে।
যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত বিধায়ক পরেশ রাম দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।