ডাঃ সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি অংশ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ডাঃ সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী ডাঃ সঙ্গীতা ঘোষের মালিকানাধীন বেলেঘাটার একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি 'পারগোলা' আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরাল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে,
বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩ নম্বর বদন রায় লেনের ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের করেন অংশুমান সরকার নামে এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলার শুনানি। গত ১৪ মে ২০২৬-এ শুনানির পর এই নির্দেশ জারি করা হয়।
পুরসভার তদন্ত ও নকশা অনুযায়ী, বাড়িটিতে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠে আসে। অভিযোগ, ছাদের ওপর প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে এবং ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন পারগোলা তৈরি করা হয়েছিল, যা মূল অনুমোদিত প্ল্যানে ছিল না। এছাড়াও লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য একটি লোহার স্পাইরাল সিঁড়ি বসানো হয় এবং দ্বিতীয় তলে একটি দরজার জায়গায় নতুন করে ইটের দেওয়াল তোলা হয়েছিল বলেও জানা যায়।
পুরসভার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই নির্মাণগুলি কলকাতা পুরসভার ২০০৯ সালের বিল্ডিং আইনের ১৩৩ ও ১৩৪ নম্বর ধারার লঙ্ঘন করেছে।
শুনানিতে ডাঃ সন্দীপ ঘোষ ও অভিযোগকারী-উভয় পক্ষই উপস্থিত ছিলেন। অভিযোগকারী দাবি করেন, বেআইনি পারগোলাটি কোনওভাবেই যেন বহাল রাখা না হয়। অন্যদিকে ডাঃ সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির 'কমপ্লিশন প্ল্যান'-এ ছিল না। তিনি বাড়ির মেরামতির কাজ চলাকালীন আগামী দু'মাসের মধ্যে সেটি নিজে থেকেই সরিয়ে নেওয়ার আবেদন জানান।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) নির্দেশ দেন, আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে। তবে এই নির্দেশে অসন্তুষ্ট হলে নির্দিষ্ট সময়ের মধ্যে 'মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনাল'-এ আপিল করার সুযোগও থাকছে বলে জানানো হয়েছে।