শ্যামনগরে তাজা বোমা উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য সাহেববাগান এলাকায়

May 23, 2026 - 13:35
 4
শ্যামনগরে তাজা বোমা উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য সাহেববাগান এলাকায়

ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দারা প্রথমে সন্দেহজনক কয়েকটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য সাধারণ মানুষের যাতায়াতেও নিয়ন্ত্রণ আনা হয়।

ঘটনাস্থলে পৌঁছান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিধায়ক জানান, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।