কৌশল্যার কালীপুজোর মেলায় মুখোমুখি দিলীপ-প্রদীপ, সৌজন্যের আড়ালে উত্তাপ খড়গপুরে
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রতি বছরের মতো এবছরও উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে বিজেপি ও তৃণমূল—দুই প্রধান রাজনৈতিক শিবির।
প্রথমে মেলায় পৌঁছন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে বাইরে বেরোতেই হঠাৎই মুখোমুখি হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও, সৌজন্য বজায় রেখে হাত মেলান দুই প্রার্থী। এই দৃশ্য ঘিরে কৌতূহল ছড়ায় উপস্থিতদের মধ্যে।
তবে মেলার বাইরে ছিল ভিন্ন ছবি। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়। একদিকে “জয় শ্রী রাম”, অন্যদিকে “জয় বাংলা” স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মানুষই ঠিক করবে কাকে জেতাবেন। আমি বিধায়ক ছিলাম, উনি খড়গপুরের চেয়ারম্যান ছিলেন। মানুষকে দেখলে কি কথা বলব না?”
অন্যদিকে, প্রদীপ সরকারের বক্তব্য, “সৌজন্যতা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু কালীমন্দিরে এসে ‘জয় শ্রী রাম’ স্লোগান—এটা কতটা যুক্তিযুক্ত? আজ রাম বেঁচে থাকলে লজ্জা পেতেন।”
সবমিলিয়ে, ধর্মীয় আবহের মধ্যেও স্পষ্ট রাজনৈতিক উত্তাপ। প্রচার যত এগোচ্ছে, খড়গপুর সদর বিধানসভায় ততই হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এখন দেখার, শেষ পর্যন্ত কার দখলে যায় এই কেন্দ্র।