কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কেশপুরে রুটমার্চ, ভোটে শান্তির বার্তা জেলা প্রশাসনের

Apr 14, 2026 - 16:10
 6
কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কেশপুরে রুটমার্চ, ভোটে শান্তির বার্তা জেলা প্রশাসনের

কেশপুর, পশ্চিম মেদিনীপুর:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও আস্থা বাড়াতে কেশপুরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

সোমবার সকাল প্রায় দশটা নাগাদ কেশপুর বাজার এলাকায় রুটমার্চ করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকরা। এদিন বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা শাসক ও পুলিশ সুপার এবং সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।

পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, "এবার কেশপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে। কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে টোল-ফ্রি নম্বর বা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করুন, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।"

এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে নিয়ে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভোটকে কেন্দ্র করে কোনও ভয় বা আতঙ্কের কারণ নেই। সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে বলে মনে করা হচ্ছে। কেশপুরে এবার একেবারে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোট হবে বলেও আশাবাদী প্রশাসন।