কামারহাটির দ্বৈপায়ন পল্লীতে বেহাল রাস্তা, নোংরার স্তূপে নাজেহাল বাসিন্দারা

Feb 27, 2026 - 08:28
 10
কামারহাটির দ্বৈপায়ন পল্লীতে বেহাল রাস্তা, নোংরার স্তূপে নাজেহাল বাসিন্দারা

ভাঙাচোরা রাস্তা, ঘরের দুয়ারে নোংরার স্তূপ, কোথাও আবার ড্রেন টপকে চলাচল—এমনই বেহাল চিত্র দেখা যাচ্ছে কামারহাটি পৌরসভা-র ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দ্বৈপায়ন পল্লী এলাকায়। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে যেমন সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি নিত্যদিনের পথে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরাও।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বর্ষায় জল জমে পরিস্থিতি আরও খারাপ হয়। কোথাও কোথাও ড্রেন উপচে রাস্তার ওপর দিয়ে জল বইছে। ফলে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে পথশ্রী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের আওতায় কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা মেরামত ও নতুন রাস্তা নির্মাণের জন্য ৮ কোটি ৪৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় সংস্কারের কাজও চলছে।

তবে অভিযোগ, দ্বৈপায়ন পল্লীর একাধিক রাস্তায় এখনও পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। বিরোধীদের দাবি, ২০১১ সালের পর থেকেই ২৮ নম্বর ওয়ার্ডের একাংশের অবস্থা বেহাল। নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবেই সমস্যা বাড়ছে।

এদিকে পৌর কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত রাস্তা সংস্কারের কাজ করা হবে এবং সমস্যার সমাধান করা হবে। এখন দেখার, কবে বাস্তবে স্বস্তি পান এলাকার বাসিন্দারা।