উত্তর ২৪ পরগনার হাসনাবাদে কংগ্রেস ও আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান, দলবদল প্রায় ৫০ কর্মীর
উত্তর ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ল। কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় ৫০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান মাখালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মণ্ডল।
নতুন যোগদানকারী কর্মীদের দাবি, এতদিন যে দলগুলিতে ছিলেন সেখানে সংগঠনের কাজে তেমন সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূল নেতৃত্বের মতে, এই যোগদানের ফলে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে দলের কাজ আরও বিস্তৃত হবে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।