উত্তর ২৪ পরগনার বারাসাতে মহিলাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে আটক বিজেপি নেতা, চাঞ্চল্য এলাকায়

Mar 6, 2026 - 14:45
 23
উত্তর ২৪ পরগনার বারাসাতে মহিলাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে আটক বিজেপি নেতা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনা: বারাসাতে এক মহিলাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে বিজেপির এক নেতাকে আটক করল পুলিশ। ধৃতের নাম সুদর্শন দাস। গুরুতর আহত অবস্থায় মহিলাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।

অভিযোগ, পুরনো বিবাদের জেরে বুধবার সকালে দেখা হতেই সুভদ্রা মণ্ডল অধিকারীকে শিকল দিয়ে বেঁধে বাঁশ দিয়ে মারধর করেন সুদর্শন দাস। ওই ঘটনায় মহিলার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।

হাসপাতালের বেডে বসেই সুভদ্রা মণ্ডল অধিকারী জানিয়েছেন, কয়েকদিন আগেও তাঁর সঙ্গে সুদর্শন দাসের গন্ডগোল হয়েছিল। উল্লেখ্য, শেষ পৌর নির্বাচনে সুভদ্রা মণ্ডল অধিকারী বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই মারামারির ঘটনা ঘটেছে।

ঘটনার পর সুদর্শন দাসকে আটক করে বারাসাত থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি দু’জনের ব্যক্তিগত পুরনো বিবাদের জেরে ঘটে যাওয়া ঘটনা, এর সঙ্গে রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই। পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার দাবিও জানানো হয়েছে