ঈদের মঞ্চে সৌজন্য বিনিময়, রাজনৈতিক কটাক্ষে সরগরম উত্তরপাড়া—মীনাক্ষীকে ‘পরিযায়ী’ ইঙ্গিত কল্যাণের
হুগলি: পবিত্র ঈদ-এর দিনে উত্তরপাড়ায় একদিকে দেখা গেল সম্প্রীতির ছবি, অন্যদিকে রাজনৈতিক কটাক্ষে চড়ল পারদ। ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে উত্তরপাড়ায় হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ধারসা সংলগ্ন একটি ঈদগাহে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎও হয়। একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্যের বার্তা দেন তাঁরা।
এদিন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ ঈদের দিন, তাই প্রচার নয়—সবাইকে শুভেচ্ছা জানাতেই এসেছি। এই লড়াই ব্যক্তি বিশেষের নয়, মতাদর্শের।”
যদিও একই মঞ্চে রাজনৈতিক কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে সিপিআইএম প্রার্থীকে ‘পরিযায়ী’ ইঙ্গিত করে তিনি বলেন, একবার এখানে, একবার অন্যত্র দাঁড়িয়ে বারবার পরাজিত হচ্ছেন। পরবর্তী নির্বাচনের জন্য জায়গা ঠিক করে রাখার পরামর্শও দেন তিনি।
এছাড়াও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন অগণতান্ত্রিকভাবে কাজ করছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, “সংবিধানের উপরে কেউ নয়, কিন্তু বর্তমানে সেই মূল্যবোধ রক্ষা করা হচ্ছে না।”
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, মানুষের আস্থা নেই বলেই সংগঠনের ভিত দুর্বল। কেন্দ্রীয় সংস্থার উপর নির্ভর করেই তারা রাজনীতি করছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, এই মন্তব্যের জবাবে মীনাক্ষী মুখোপাধ্যায় সংযত প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “আজ খুশির ঈদের দিন। সব ধর্মের মানুষ একসঙ্গে রয়েছেন। আজ সবাই জিতুক।”
সব মিলিয়ে, ঈদের দিনে সম্প্রীতির বার্তার পাশাপাশি রাজনৈতিক বাকযুদ্ধও সমান তালে ধরা পড়ল উত্তরপাড়ার মাটিতে।