আখচাষ না থাকলেও গুড়েই জাগ্রত গ্রামদেবী, রাজনগরে অনন্য গুড়কালীর পুজো
বীরভূম: চলতি সময় আখের গুড় তৈরির মরশুম হলেও রাজনগরের গৌরীবাগান গ্রামে এখন আর আখচাষ হয় না। তবুও ঐতিহ্য অটুট রেখে নতুন গুড় দিয়েই পূজিতা হচ্ছেন গ্রামদেবী গুড়কালী।
রাজনগর থানার অন্তর্গত এই প্রান্তিক গ্রামে আজও এক ব্যতিক্রমী রীতিতে পালিত হয় গুড়কালীর পুজো। এখানে নেই কোনও ব্রাহ্মণ পুরোহিত, উচ্চারিত হয় না সংস্কৃত মন্ত্রও। গ্রামের ভুঁইয়া সম্প্রদায়ের মানুষরাই নিজেদের হাতে সম্পূর্ণ আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। গ্রামের অন্যান্য মানুষও এই পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বৃহস্পতিবার দুপুরে নতুন গুড়ের উপকরণ দিয়ে ধুমধামের সঙ্গে দেবী গুড়কালীর পুজো সম্পন্ন হয়। সমাজের ব্রাত্যজনদের হাত দিয়েই এই পুজোর আয়োজন করা হয়, যা এই প্রথার অন্যতম বৈশিষ্ট্য।
গ্রামবাসী বাবলু মাহাতো জানান, "আখের গুড় দিয়েই মা গুড়কালীর পুজো হয়ে আসছে বহুদিন ধরে। এখানে কোনও পুরোহিতের প্রয়োজন হয় না, গ্রামের ভুঁইয়া সম্প্রদায়ের মানুষরাই দেবীর পুজো করেন পরিবারের ও গ্রামের মঙ্গলের জন্য।"
সব মিলিয়ে, আখচাষ হারিয়ে গেলেও ভক্তি আর ঐতিহ্যের টানে আজও রাজনগরের গৌরীবাগান গ্রামে জীবন্ত রয়েছে গুড়কালীর এই অনন্য পুজো।