*অমরাবতী সদানন্দ দেব সাধন সঙ্ঘের ভিত্তি স্থাপন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা*

Feb 15, 2026 - 08:17
 7
*অমরাবতী সদানন্দ দেব সাধন সঙ্ঘের ভিত্তি স্থাপন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা*

অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ:দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকায় এক নতুন আধ্যাত্মিক কেন্দ্রের সূচনা হলো। শনিবার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামে ধুমধাম করে ‘সদানন্দ দেব সাধন সঙ্ঘ’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিন অমরাবতীর প্রধান পাড়া এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ -এর চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। ভিত্তি স্থাপন উপলক্ষে এলাকায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সাধন সঙ্ঘের অন্যতম সদস্য গৌর হরি মন্ডল, বলরাম মন্ডল এবং মিন্টু প্রধানরা বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের এই সঙ্ঘের জন্য একটি স্থায়ী পরিকাঠামোর প্রয়োজন ছিল। মন্ত্রীর হাত দিয়ে এই ভিত্তি স্থাপন হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে এলাকার মানুষের মধ্যে আধ্যাত্মিক ও নাম-সংকীর্তনের চর্চা আরও বৃদ্ধি পাবে।

ভিত্তি স্থাপন অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, সুন্দরবনের কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরণের প্রতিষ্ঠানগুলি বড় ভূমিকা পালন করে। আগামী দিনে এই সঙ্ঘের পরিকাঠামো উন্নয়নে প্রশাসন পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। ভিত্তি স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে অমরাবতী গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।