'৬ গ্যারেন্টি' থেকে অনুপ্রবেশ ইস্যু-ত্রিমুখী সভায় মোদির আক্রমণ-প্রতিশ্রুতির ঝড়
কলকাতা: ভোটের আগে জোরদার প্রচারে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার একদিনে হলদিয়া, আসানসোল ও বীরভূমের সিউড়িতে তিনটি 'বিজয় সংকল্প সভা' থেকে শাসক দলকে তীব্র আক্রমণ করার পাশাপাশি একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
হলদিয়ার সভা থেকেই মোদি তাঁর '৬টি গ্যারেন্টি' ঘোষণা করেন। দুর্নীতি ও নারী নির্যাতনের ঘটনার বিচার, দোষীদের শাস্তি এবং সাধারণ মানুষের প্রতি জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানান। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে "জনগণের টাকা লুট হতে দেওয়া হবে না।"
তিনটি সভাতেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মোদি অভিযোগ করেন, বাংলায় "ভয়ের রাজত্ব" কায়েম হয়েছে। সন্দেশখালি, মোথাবাড়ি ও আরজি কর ইস্যু তুলে ধরে তিনি বলেন, শাসক দল অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। বীরভূমের বগটুই কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি একে "জঙ্গলরাজের নমুনা" বলেও মন্তব্য করেন।
অর্থনীতি ও কর্মসংস্থান নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রায় ৭৫ হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে এবং কর্মসংস্থানের অভাবে বাংলার যুবকদের অন্য রাজ্যে যেতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে "রোজগার মেলা" আয়োজনের আশ্বাস দেন তিনি।
শিক্ষা ক্ষেত্রেও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে না। সভা থেকে সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দিয়ে মোদি বলেন, "আপনারাই প্রধানমন্ত্রী বানিয়েছেন, এবার মুখ্যমন্ত্রীও বানাতে হবে।" তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ভাষণের শেষে বাংলার মানুষকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ১১ ও ১২ এপ্রিল আবারও বাংলায় আসার কর্মসূচি রয়েছে তাঁর। ১২ এপ্রিল শিলিগুড়িতে রোড শো করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অমিত শাহ রাজ্যে এসে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন বলেও খবর।
সব মিলিয়ে, ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত করে তুলেছে প্রধানমন্ত্রীর এই ত্রিমুখী সভা।