সুস্থ হয়ে ফের তাণ্ডবে 'রামলাল', খাবারের খোঁজে গ্রামে গ্রামে ঘোরাফেরা -আতঙ্কে ঝাড়গ্রাম

Apr 17, 2026 - 12:51
 9
সুস্থ হয়ে ফের তাণ্ডবে 'রামলাল', খাবারের খোঁজে গ্রামে গ্রামে ঘোরাফেরা -আতঙ্কে ঝাড়গ্রাম

সুস্থ হয়ে ফের পুরনো ছন্দে ফিরে এসেছে স্থায়ী হাতি 'রামলাল'। খাবারের সন্ধানে গ্রাম ও সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বুধবার সকালে লোধাগুলি রেঞ্জের লোধাগুলি গ্রামে ঢুকে রাস্তার ধারের একাধিক কলা গাছ ভেঙে খেতে দেখা যায় হাতিটিকে। সেখান থেকে পরে পেনিয়াভাঙ্গা গ্রামে ঢুকে আবারও খাবারের খোঁজ চালাতে থাকে সে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পায়ে গুরুতর আঘাত পেয়েছিল রামলাল। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং মঙ্গলবার দুপুর থেকেই স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে। তবে সুস্থ হতেই আবার গ্রামমুখী হয়ে ওঠায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

অভিযোগ, মঙ্গলবার রাতে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা অমল মাহাতোর করলা বাগানে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় হাতিটি। স্থানীয়রা তাড়া করলে সেখান থেকে আমলাচটির জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু পরের দিন সকালেই আবার গ্রামে ফিরে খাবারের খোঁজে ঘুরতে দেখা যায় তাকে।

এদিকে, 'রামলাল'-কে একঝলক দেখতে আশপাশের গ্রাম থেকেও ভিড় জমাচ্ছেন বহু মানুষ, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে বলে আশঙ্কা বনদফতরের।

অন্যদিকে, মঙ্গলবার রাতে ৩৫ থেকে ৪০টি হাতির একটি বড় দল লালগড় রেঞ্জের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে বেলাটিকরী, কুরকুটশোল, জামদা, মুড়াবনি ও আঁধারিয়া হয়ে কুশবনীর জঙ্গলে প্রবেশ করেছে। গত কয়েকদিন ধরে এই হাতির দল লালগড় রেঞ্জের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে চ্যামটায়াড়া এলাকায় হাতির দলটিকে সরাতে গেলে বনদফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে উত্তেজনা তৈরি হলেও পরে বনদফতরের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুরো পরিস্থিতির উপর নজর রাখছে বনদফতর। এলাকাবাসীদের সতর্ক থাকার পাশাপাশি হাতির কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে