সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে হাঁসখালীতে বাংলাদেশি তরুণী-সহ ভারতীয় দালাল গ্রেপ্তার

Feb 21, 2026 - 14:31
 7
সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে হাঁসখালীতে বাংলাদেশি তরুণী-সহ ভারতীয় দালাল গ্রেপ্তার

নদিয়ার হাঁসখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি তরুণী এবং তাঁকে সহায়তাকারী এক ভারতীয় দালাল। নদিয়া জেলার বারো চুপরিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালত-এ পেশ করা হয়েছে। ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারো চুপরিয়া গ্রামে প্রকাশ টিকাদারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় বছর ২৩-এর জামি খাতুন নামে এক তরুণীকে। পুলিশের দাবি, তিনি বগুড়া জেলা-র বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’দিন আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। অভিযোগ, প্রকাশ টিকাদারের সহায়তায় তিনি ওই বাড়িতে আশ্রয় নেন।

তদন্তকারীদের অনুমান, ভারতের কোনও বড় শহরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই দালালচক্রের মাধ্যমে এই অনুপ্রবেশ ঘটানো হয়েছিল। ঘটনায় বড় চক্র জড়িত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

এই ঘটনায় হাঁসখালী থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। সীমান্ত পারাপার চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে ধৃত প্রকাশ টিকাদারকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।