সাগরে ফের ভরসা বঙ্কিম হাজরাতেই; খুশিতে বাইক র্যালি করে চলল পুজো দেওয়া*
অমিত মণ্ডল, নামখানা:আসন্ন বিধানসভা নির্বাচনে সাগর কেন্দ্র থেকে পুনরায় তৃণমূলের টিকিট পেলেন অভিজ্ঞ নেতা তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার নামখানা ও সাগর ব্লকের তৃণমূল শিবিরে। প্রিয় নেতার জয়ের প্রার্থনায় বুধবার এক বিশাল বাইক র্যালি বের করলেন নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
বুধবার দুপুরে নামখানা থেকে প্রায় শতাধিক বাইক নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করেন ছাত্র-যুব কর্মীরা। মিছিলটি নামখানা থেকে শুরু হয়ে কাকদ্বীপের ঐতিহ্যবাহী কালীমন্দিরে গিয়ে পৌঁছায়। সেখানে প্রার্থীর সাফল্য কামনায় বিশেষ পুজো দেন কর্মীরা। বাইক র্যালিতে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পতাকায় সজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এই র্যালিতে অগ্রভাগে ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিশিষ্ট তৃণমূল ছাত্রনেতা অভিষেক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকাশ জানা-সহ শতাধিক কর্মী-সমর্থক। অভিষেক দাস জানান, "মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষের হাতেই দায়িত্ব দিয়েছেন। বঙ্কিমদা এলাকার উন্নয়নের কান্ডারি। তাঁর টিকিট পাওয়া নিশ্চিত হতেই আমরা কর্মীরা উজ্জীবিত। আমাদের লড়াই এখন রেকর্ড মার্জিনে জয় ছিনিয়ে আনা।"
বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের দীর্ঘদিনের বিধায়ক। তাঁর হাত ধরেই সুন্দরবন এলাকার বহু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এবারও তাঁর টিকিট পাওয়াটা সাগরের মানুষের কাছে বড় পাওনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বুঝিয়ে দিচ্ছে, ভোটের ময়দানে নামার আগে শাসকদল কতটা আত্মবিশ্বাসী।