রাজ্যে বাড়ছে গরম, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে ক্রমশ বাড়ছে গরমের তীব্রতা। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ভিজতে পারে দক্ষিণবঙ্গ-এর একাধিক জেলা। পাশাপাশি উত্তরবঙ্গ-এর কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের মতে, এই বৃষ্টি দক্ষিণবঙ্গে গরম থেকে বিশেষ স্বস্তি দেবে না। আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। কোথাও তাপমাত্রা ৩০ ডিগ্রি, কোথাও ৩৩ ডিগ্রি আবার কোথাও তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আপাতত তাপমাত্রা আর নতুন করে খুব একটা না বাড়লেও কমার সম্ভাবনাও নেই। চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
এদিকে রবিবার থেকে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে আবার রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।