কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বিকেল–সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গত সপ্তাহ থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। শহর কলকাতায় তুলনামূলকভাবে বৃষ্টি কম হলেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি বেশি। ফলে রাতের তাপমাত্রা বেশি থাকায় গরমে কিছুটা অস্বস্তি অনুভব করছেন শহরবাসী।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।