রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগে আতঙ্ক
মুর্শিদাবাদ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ফুলবাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনায় একাধিক দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
সূত্রের খবর, একটি ডিজে বক্সকে ঘিরে আপত্তি ওঠায় প্রথমে বচসা শুরু হয়। একই সময়ে ম্যাকেঞ্জি পার্ক থেকে আসা একটি মিছিল ফুলতলা মোড়ে পৌঁছলে পুলিশ সেটিকে এগোতে বাধা দেয়। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ইটবৃষ্টি হয়।
অভিযোগ, একাধিক দোকান লুট করা হয় এবং কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। লাঠিচার্জেরও খবর মিলেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে এলাকায় এখনও টানটান উত্তেজনা বজায় রয়েছে।