রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, ধারালো অস্ত্রের কোপের চিহ্নে চাঞ্চল্য মিনাখায়

Mar 20, 2026 - 06:19
 7
রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, ধারালো অস্ত্রের কোপের চিহ্নে চাঞ্চল্য মিনাখায়

মিনাখা: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রামে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাড়োয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে এবং এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে, যা থেকে খুনের সন্দেহ জোরদার হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলটি ব্যারিকেড করে রেখে পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে এবং যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।