যুব সাথী প্রকল্পে উপচে পড়া ভিড়, বারুইপুরে শিবিরে উৎসাহ যুবক যুবতীদের

Feb 19, 2026 - 09:53
 16
যুব সাথী প্রকল্পে উপচে পড়া ভিড়, বারুইপুরে শিবিরে উৎসাহ যুবক যুবতীদের

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : ‘যুব সাথী’ প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল বারুইপুরে। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য লাইনে দাঁড়িয়ে ভিড় জমালেন বিভিন্ন শিবিরে।

রাজ্যজুড়ে ২৯৪টি বিধানসভায় শিবির করার ঘোষণা করা হলেও, চাহিদার কথা মাথায় রেখে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবিরগুলি। ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে কেউ সরকারি চাকরি পেলে তাঁর ক্ষেত্রে এই আর্থিক সহায়তা বন্ধ হবে।

               বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে অন্তত দশটি গ্রাম পঞ্চায়েত অফিস ও বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দু’দিন করে শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকালে বারুইপুর পৌরসভার ৩, ১১ ও ১৭ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ডের উৎসব কমিউনিটি হলে শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুব সাথী ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষি বন্ধু প্রকল্পের ফর্মও ফিলাপ করা হয়। ১৭ নম্বর ওয়ার্ডে ১১০০ ভোটারের মধ্যে ইতিমধ্যে প্রায় ৫০ জন যুবক-যুবতী ফর্ম জমা দিয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে ১৯০০-র বেশি ভোটারের মধ্যে ৭০-৮০ জন আবেদন করেছেন। ১১ নম্বর ওয়ার্ডে ১৭০০-র বেশি ভোটারের মধ্যে ৫০-৬০ জন ফর্ম ফিলাপ করেছেন।

               পৌরপ্রধান শক্তি রায় চৌধুরীর দাবি, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বাংলার যুবসমাজের ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা নেবে।