সুন্দরবনের রূপমারির গৌরেশ্বর নদীর ফেরিঘাট বেহাল, ফেরি চলাচল আপাতত বন্ধ

Feb 18, 2026 - 20:31
 7
সুন্দরবনের রূপমারির গৌরেশ্বর নদীর ফেরিঘাট বেহাল, ফেরি চলাচল আপাতত বন্ধ

উত্তর ২৪ পরগনা: সুন্দরবন এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা রূপমারির গৌরেশ্বর নদীর ফেরিঘাট। দীর্ঘদিনের বেহাল অবস্থার জেরে মঙ্গলবার সকাল থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবা। ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

হিঙ্গলগঞ্জ ব্লকের রুপোমারি গ্রাম পঞ্চায়েত-এর রূপমারি বাজার সংলগ্ন এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত করেন বহু বাসিন্দা। গ্রামবাসীদের অভিযোগ, জেটিঘাটটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। ভাটার সময় জলস্তর নেমে গেলে যাত্রী পারাপারে চরম সমস্যার মুখে পড়তে হয়।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, স্কুল পড়ুয়া, প্রসূতি মা এবং জরুরি পরিষেবার প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জের বিডিও অফিস, বিদ্যুৎ দফতর, থানা এবং স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতাল—সব ক্ষেত্রেই যাওয়ার একমাত্র ভরসা এই ফেরিঘাট।

স্থানীয়দের দাবি, একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফেরিঘাট সংস্কারের দাবিতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কারের ব্যবস্থা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

গ্রামবাসীদের একটাই দাবি—অবিলম্বে ফেরিঘাটের সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক প্রশাসন।