মাছ ধরতে যাওয়ার পথে দুর্ঘটনা, নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে উদ্ধার মৎস্যজীবী*
অমিত মণ্ডল, নামখানা:গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটে রবিবার সকালে নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে। ট্রলারের কাছিতে পা জড়িয়ে উত্তাল নদীতে পড়ে গিয়েও শেষ পর্যন্ত স্থানীয় খেয়া নৌকার কর্মীদের তৎপরতায় উদ্ধার হল শেখ আসাউদ্দিন নামের এক মৎস্যজীবী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে 'এফবি তারা মা' নামের একটি ট্রলারে চড়ে ১৪ জন মৎস্যজীবীর একটি দল নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ট্রলারটি যখন হাতানিয়া-দোয়ানিয়া নদীর মাঝপথে, তখন অসাবধানতাবশত ট্রলারের মোটা কাছি দড়ি জড়িয়ে যায় শেখ আসাউদ্দিনের পায়ে। কিছু বুঝে ওঠার আগেই কাছির টানে তিনি ট্রলার থেকে ছিটকে পড়েন মাঝনদীতে।
সেই সময় নদীতে ছিল জোয়ারের প্রবল স্রোত। মুহূর্তের মধ্যে স্রোতের টানে ভাসতে থাকেন ওই মৎস্যজীবী। সহকর্মীরা চিৎকার শুরু করলে ঘটনাস্থলের কাছে থাকা কয়েকটি যাত্রীবাহী খেয়া নৌকার কর্মীরা দ্রুত এগিয়ে আসেন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় জলমগ্ন আসাউদ্দিনকে নদী থেকে টেনে তোলেন তাঁরা।
উদ্ধারের সময় আসাউদ্দিন যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।