মধ্যমগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা, উল্টে গেল সবজি বোঝাই গাড়ি, আহত ড্রাইভার-খালাসি
মধ্যমগ্রাম:
শনিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল মধ্যমগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে মধ্যমগ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি সবজি বোঝাই গাড়ি। আচমকাই গাড়িটির একটি চাকা লিক হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই উল্টে যায়।
দুর্ঘটনার ফলে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর জখম হয়েছেন গাড়ির ড্রাইভার ও খালাসি। গাড়ি উল্টে যাওয়ার সময় তাঁরা দু’জনেই গাড়ির ভেতরে ছিলেন। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সবজি রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড এবং মধ্যমগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।