ভোটার তালিকা থেকে নাম বাদ, বসিরহাটে বিক্ষোভে উত্তাল গ্রাম, পথ অবরোধে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

Mar 29, 2026 - 07:58
 15
ভোটার তালিকা থেকে নাম বাদ, বসিরহাটে বিক্ষোভে উত্তাল গ্রাম, পথ অবরোধে আগুন জ্বালিয়ে প্রতিবাদ

বসিরহাট: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাট উত্তর বিধানসভা এলাকায়। আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর কেন্দ্রের ২ নম্বর ব্লকের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ এবং পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথে। অভিযোগ, দুটি বুথ মিলিয়ে যথাক্রমে ১৪২ জন ও ২৫৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

বিক্ষুব্ধ ভোটারদের দাবি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, না হলে এলাকায় ভোটগ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বুনোরাটি এলাকার ২ নম্বর বুথে মোট ৯১০ জন ভোটারের মধ্যে ২১২ জন 'বিচারাধীন' তালিকায় ছিলেন, সেখান থেকেই ১৪২ জনের নাম বাদ পড়েছে বলে জানান স্থানীয় বিএলও। তিনি বলেন, "যাদের নাম বাদ পড়েছে, তাদের ট্রাইবুনালে আবেদন করতে হবে। আমরা চাই তাদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হোক।"

এদিকে, নাম ফেরানোর আশায় ভোটাররা বিএলও-র কাছে গেলেও সন্তোষজনক কোনও আশ্বাস না মেলায় ক্ষোভ আরও বাড়ে। গত কয়েকদিন ধরে বসিরহাটের বিভিন্ন এলাকায় একই অভিযোগে কখনও পথ অবরোধ, কখনও সরকারি দপ্তরে বিক্ষোভের ঘটনা ঘটছে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা মানতে নারাজ বিক্ষুব্ধ ভোটাররা। ফলে নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।