ভক্তির সঙ্গে সমাজসেবা! ফ্রেজারগঞ্জের অমরাবতীতে চড়ক মেলা উপলক্ষ্যে রক্তদান শিবির

Apr 10, 2026 - 09:08
 9
ভক্তির সঙ্গে সমাজসেবা!  ফ্রেজারগঞ্জের অমরাবতীতে চড়ক মেলা উপলক্ষ্যে রক্তদান শিবির

অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ: চড়ক মানেই সন্ন্যাসীদের কঠিন উপাচার আর ঝাঁপের রোমাঞ্চ। কিন্তু এবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রামে সেই ভক্তির সঙ্গে যুক্ত হলো মানবিকতাও।

অমরাবতী ক্লাবঘর প্রধানপাড়া শিবালয় মন্দিরের উদ্যোগে আয়োজিত চড়ক মেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

কয়েকদিন ধরেই অমরাবতী গ্রামে উৎসবের মেজাজ। চড়ক মেলার মূল আকর্ষণ 'ঝাঁপ' দেখতে যখন ভিড় জমবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই শিবিরের আয়োজন করেন গ্রামবাসীরা। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশিনাথ জানা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। প্রধান কাশিনাথ জানা উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, "উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম।"

এদিন রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে রক্ত দান করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবালয় মন্দিরে একদিকে যখন পুজোর প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে তখন স্কুলের চত্বরে সারি সারি মানুষ রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। সন্ন্যাসীদের ঝাঁপ আর রক্তদানের এই মেলবন্ধন অমরাবতী গ্রামের চড়ক মেলায় এক নতুন মাত্রা যোগ করেছে