বারাবনিতে 'যোগী ঝড়', অরিজিৎ রায়ের সমর্থনে মেগা জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি
পশ্চিম বর্ধমান, আসানসোল, বারাবনি:
বারাবনি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়-এর সমর্থনে এবার বড় চমক-উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর জনসভা ঘিরে জোর প্রস্তুতি চলছে।
বারাবনির আছড়া স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত হতে চলা এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মঞ্চ নির্মাণ, আলো ও সাউন্ড সিস্টেম, দর্শক বসার ব্যবস্থা-সবকিছুই খুঁটিনাটি ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে সভা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই জনসভায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগী আদিত্যনাথের উপস্থিতি বারাবনি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাঁর বক্তব্য এবং জনসমর্থনের উপর নির্ভর করেই অনেকটাই নির্ধারিত হতে পারে ভোটের দিকচক্র।
এখন দেখার, বারাবনির মাটিতে এই মেগা জনসভা শেষ পর্যন্ত কতটা ভোটের অঙ্ক ঘুরিয়ে দিতে পারে।