প্রদীপ সরকারের সমর্থনে খড়গপুরে জনসভায় দেব, জোড়া ফুলকে জেতাতে ঐক্যের বার্তা
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর এই নির্বাচনকে পাখির চোখ করেছে শাসক-বিরোধী সকল পক্ষ। জেলার ১৫টি বিধানসভার মধ্যে খড়গপুর অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যা দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায়
খড়গপুর শহরের তালবাগিচা এলাকায় তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে জনসভা করেন সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী (দেব)। এর আগে এই কেন্দ্রে প্রচারে এসেছেন ফিরহাদ হাকিম-সহ একাধিক শীর্ষ নেতা।
সভা মঞ্চ থেকে দীপক অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, খড়গপুরে বিরোধী শক্তি তৃণমূলকে হারাতে পারবে না। তাঁর মতে, এখানে তৃণমূল হারলে তা হবে নিজেদের অভ্যন্তরীণ কারণে। তাই জোড়া ফুল প্রতীককে জেতাতে দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিরোধীরা যত বড় নেতাকেই প্রচারে আনুক না কেন, শেষ পর্যন্ত মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের উন্নয়নের ভিত্তিতে। তাই সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনী লড়াই করলে খড়গপুরে তৃণমূলের জয় নিশ্চিত বলেই দাবি করেন তিনি।
দেবের এই সভাকে ঘিরে এলাকায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে তৃণমূলের শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।