প্রতিকূল আবহাওয়ায় মাঝ আকাশ থেকে ফিরল দেবের হেলিকপ্টার, বাতিল বীরভূম সফর
বীরভূম: প্রাকৃতিক দুর্যোগের জেরে স্থগিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক তথা সাংসদ দেবের বীরভূম সফর। শুক্রবার রামপুরহাট, সিউড়ি ও সাঁইথিয়া-এই তিন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তবে খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশ থেকেই হেলিকপ্টার ঘুরিয়ে কলকাতায় ফিরে আসতে হয়।
সফর বাতিল হওয়ার পর একটি ভিডিও বার্তায় দেব জানান, "আজ রামপুরহাট, সিউড়ি ও সাঁইথিয়ায় প্রচারে যাওয়ার কথা ছিল। সেইমতো কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলাম। কিন্তু মাঝ আকাশে আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে পাইলট ঝুঁকি না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন।"
তিনি আরও বলেন, অতীতে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা মাথায় রেখে এদিন কোনওরকম ঝুঁকি নিতে চাননি পাইলট। "নিরাপত্তাই সবার আগে। তিনটি জায়গায় পৌঁছাতে না পারায় আমি ব্যক্তিগতভাবে দুঃখিত,"-যোগ করেন তিনি।
তবে বীরভূমবাসীর জন্য আশার বার্তাও দেন দেব। খুব শীঘ্রই নতুন সূচি তৈরি করে ফের এই জেলায় এসে প্রচারে অংশ নেবেন বলে জানান তিনি।
এই ঘটনায় রামপুরহাট ও সিউড়িতে দেবকে দেখার অপেক্ষায় থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হলেও, তাঁর ভিডিও বার্তার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব জানিয়েছেন, দেবের পরবর্তী সফরের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে।