পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য, চিৎপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ
কলকাতা:
উত্তর কলকাতার পাইকপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশি তল্লাশিতে একটি পরিত্যক্ত ক্লাবঘর থেকে একাধিক বোমার হদিশ মেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ৯টি বোমা উদ্ধার করা হয়। তার মধ্যে তিনটি বোমা ইতিমধ্যেই ফেটে গিয়েছিল। বাকি ৬টি তাজা ও সক্রিয় বোমা উদ্ধার করে বোম্ব স্কোয়াডের সাহায্যে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিত্যক্ত ক্লাবঘরটিকে ব্যবহার করে সেখানে বোমা মজুত করা হচ্ছিল। ভোটমুখী বাংলায় এই বোমা কারা মজুত করছিল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে চিৎপুর থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা থানার সামনে জড়ো হয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভের জেরে চিৎপুর থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।