পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রায় ২৫০ জনের
বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগদি পাড়ার শ্যামা সংঘ ক্লাবে আয়োজিত এক কর্মসূচিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হাত ধরে প্রায় ২৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি সূত্রে।
যোগদানকারীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসে থেকে তাঁরা কোনও সুযোগ-সুবিধা বা সাংগঠনিক গুরুত্ব পাচ্ছিলেন না। সেই কারণেই তাঁরা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিজেপির হয়ে কাজ করার অঙ্গীকারও করেন তাঁরা।
অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, যাঁরা যোগদান করেছেন, তাঁরা দলের সক্রিয় কর্মী ছিলেন না। বরং অনেকে আগে থেকেই বিজেপি বা সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি শাসকদলের স্থানীয় নেতৃত্বের।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই দলবদল ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।