দার্জিলিংয়ের শিলিগুড়িতে ৩৩ নম্বর ওয়ার্ডে ফের হিট অ্যান্ড রান, আহত যুবতী
শিলিগুড়ি: ফের হিট অ্যান্ড রানের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে। এবার ঘটনাস্থল ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা। এর আগে সেবক রোডের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে পথ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আহত যুবতীর পরিবার।
আহত যুবতীর ভাই অভয় দাস জানান, মঙ্গলবার রাতে তাঁর দিদি অঙ্কিতা দাস কাজ সেরে লেকটাউন হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুতগামী গাড়ি আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। দুর্ঘটনার পর প্রায় ১০০ মিটার দূরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে পরিবারের অভিযোগ, এই সময় পুলিশ কোনও রকম সহায়তা করেনি। উল্টে দুটি থানার মধ্যে কোন থানায় মামলা রুজু হবে, তা নিয়েই বিভ্রান্তির সৃষ্টি হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে এবং চালককেও হেফাজতে নেওয়া হয়েছে।
বারবার হিট অ্যান্ড রানের ঘটনায় শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।