জমি বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, মুর্শিদাবাদের কান্দিতে একই পরিবারের পাঁচজন আহত

Mar 22, 2026 - 08:43
 19
জমি বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, মুর্শিদাবাদের কান্দিতে একই পরিবারের পাঁচজন আহত

মুর্শিদাবাদ: পবিত্র ঈদ-এর দিন সকালেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটল মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রামে। জমি সংক্রান্ত বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের পাঁচজন সদস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আচমকাই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই পরিবারের উপর হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন তৌহিদ শেখ (৭০), তাঁর দুই ছেলে আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫), এবং দুই নাতি আসিফ (১৮) ও বানারুল (২৫)। হামলার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

অভিযোগ, হামলার সময় পরিবারের সদস্যরাই সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীদের হাত থেকে একটি আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে সক্ষম হন। পরে সেই অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।