চিংড়িঘাটা মেট্রো মামলায় রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, “প্রকল্প নিয়ে রাজনীতি নয়”

Mar 24, 2026 - 09:23
 10
চিংড়িঘাটা মেট্রো মামলায় রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, “প্রকল্প নিয়ে রাজনীতি নয়”

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ বিলম্বিত হওয়া নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, জনস্বার্থের প্রকল্প নিয়ে কোনও ধরনের রাজনীতি করা চলবে না।

এদিন আদালতের পর্যবেক্ষণ, “একবার বলা হচ্ছে উৎসব চলছে, একবার বলা হচ্ছে পরীক্ষা চলছে, এখন আবার বলা হচ্ছে নির্বাচন চলছে—আসলে কী হচ্ছে?” আদালত আরও জানায়, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এভাবে অজুহাত গ্রহণযোগ্য নয়।

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সতর্ক করে জানায়, হয় মামলা প্রত্যাহার করতে হবে, না হলে তা খারিজ করে দেওয়া হবে। একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, এই মামলায় তারা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না এবং হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দেয়, পূর্বে হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে উৎসবের কারণে পুলিশের সহায়তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে আদালত প্রশ্ন তোলে—উৎসব নাকি উন্নয়ন, কোনটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে?

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল।