গোপন সূত্রের খবর, রাতের অভিযানে এনজিপি থানার পুলিশের জালে তিন দুষ্কৃতী—ডাকাতির ছক ভেস্তে গেল
শিলিগুড়ি:
গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল এনজিপি থানার পুলিশ। গতকাল গভীর রাতে সাদা পোশাকে অভিযান চালিয়ে সেন্টার কলোনির উঁচু মাঠ এলাকা থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পাওয়া মাত্রই এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হানা দেয়।
পুলিশকে দেখতে পেয়েই দুষ্কৃতীদের বেশ কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের নাম বিকাশ সরকার, অখিল সরকার এবং মাখন ভক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ধৃত তিন অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ।