খাস কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, উড়ল বহুতলের ছাদে টিন, আতঙ্ক এলাকায়
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে খাস কলকাতায় পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাইকপাড়া এলাকায়। শুক্রবার ভোরে ঘনবসতিপূর্ণ এই এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ হয়ে থাকা স্থানীয় ক্লাব ঘরেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে পাশের একটি বহুতলের ছাদে গিয়ে পড়ে। পাশাপাশি বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়ির টিনের ছাদও ক্ষতিগ্রস্ত হয়।
পরপর বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুনও ধরে যায় বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই ক্লাবঘরে আগে থেকেই বোমা মজুত করে রাখা হয়েছিল। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই সেখানে বোমা রাখা হয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে বিস্ফোরণ ঘটল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।