কলকাতার জোড়াসাঁকোর কলাবাগানে বিপজ্জনক বাড়ি মেরামতির সময় হুড়মুড়িয়ে ভাঙল সিঁড়ি

Mar 14, 2026 - 09:46
 16
কলকাতার জোড়াসাঁকোর কলাবাগানে বিপজ্জনক বাড়ি মেরামতির সময় হুড়মুড়িয়ে ভাঙল সিঁড়ি

কলকাতার জোড়াসাঁকো এলাকায় শুক্রবার সকালে বড়সড় দুর্ঘটনা ঘটল। কলাবাগান এলাকায় একটি পুরনো বহুতলের সিঁড়ির অংশ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। সিঁড়ি ভেঙে পড়ায় বাড়ির ভেতরেই আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। যদিও অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়াসাঁকোর কলাবাগান এলাকার ওই বাড়িটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো। জরাজীর্ণ অবস্থার কারণে আগেই বাড়িটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। শুক্রবার সকালে সেই বাড়ির মেরামতির কাজ চলছিল। ঠিক সেই সময় আচমকাই সিঁড়ির একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সিঁড়ি ভেঙে যাওয়ায় ওপরের তলার বাসিন্দারা নিচে নামতে না পেরে বাড়ির ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসেন। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

এদিকে বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও কোনও আগাম সতর্কতা ছাড়াই মেরামতির কাজ শুরু করেছিলেন বাড়ির মালিক। ভাড়াটেদের দাবি, তাঁদের অন্যত্র সরানোর কোনও ব্যবস্থা না করেই জোরপূর্বক কাজ শুরু করা হয়। তাঁরা আপত্তি জানালেও বাড়ির মালিক সেই কথা শোনেননি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর। তিনি আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। ভাড়াটেদের ক্ষোভের মুখে পড়ে কাউন্সিলর জানান, বাসিন্দাদের নিরাপত্তাই সবার আগে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।