আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কড়া নিরাপত্তায় স্ট্রংরুম, ৪ মে খুলবে প্রার্থীদের ভাগ্য
পশ্চিম বর্ধমান, আসানসোল।
পশ্চিম বর্ধমান জেলার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভার প্রার্থীদের ভাগ্য এখন বন্দি স্ট্রংরুমে। কুলটি, রাণীগঞ্জ, আসানসোল উত্তর, আসানসোেল দক্ষিণ, জামুড়িয়া ও বারাবনি-এই ছয়টি বিধানসভার ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সংরক্ষণ করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ-এ তৈরি বিশেষ স্ট্রংরুমে।
নির্বাচন শেষে সমস্ত ইভিএম ও ভিভিপ্যাট এখানে এনে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। স্ট্রংরুম ঘিরে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টা কড়া পাহারায় রাখা হচ্ছে স্ট্রংরুম। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি।
আগামী ৪ মে এই স্ট্রংরুম থেকেই গণনা শুরু হবে। সেদিনই খুলবে প্রার্থীদের ভাগ্যের বাক্স, নির্ধারিত হবে কারা যাচ্ছেন বিধানসভায়।