আইসিডিএস পরিষেবার মানোন্নয়নে অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক
সানওয়ার হোসেন, রায়দীঘি : রায়দীঘি বিধানসভার মথুরাপুর ২ ব্লকে আইসিডিএস কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। বুধবার আয়োজিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা। আইসিডিএস প্রকল্পের কাজের মানোন্নয়ন এবং কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় আইসিডিএস দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কর্মীদের সরকারি নির্দেশিকা, শিশু ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা এবং পুষ্টি সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে সচেতন করেন। কর্মীদের ভূমিকা, সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং কাজের স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিধায়ক ডাঃ অলক জলদাতা উপস্থিত থেকে আইসিডিএস কেন্দ্রগুলোর বর্তমান পরিস্থিতি ও কর্মীদের অভাব-অভিযোগ শোনেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশু ও মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আইসিডিএস কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিষেবায় কোনো খামতি না থাকার জন্য এই ধরনের প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্লক প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।