সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত, আজ হাইকোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক

Mar 20, 2026 - 06:06
 20
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত, আজ হাইকোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় আপডেট। কমিশন সূত্রে খবর, শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার আগে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দফায় হাইকোর্টে বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), ডিজি, সিপি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। এই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

দ্বিতীয় দফায় সিইও দফতরে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, যেখানে উপস্থিত রয়েছেন সিইও, ডিজি ও সিপি। মূলত সফটওয়্যার প্রস্তুতি, তালিকা প্রকাশের প্রক্রিয়া, কোথায় ও কীভাবে ভোটাররা তালিকা দেখতে পাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আগামীকালই তালিকা প্রকাশ করা হতে পারে। ফলে ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।