রিগিং রুখতে' কড়া কমিশন, রানাঘাটে ঘরে ঘরে পুলিশ-সিআরপিএফের সতর্কবার্তা

Apr 17, 2026 - 12:54
 9
রিগিং রুখতে' কড়া কমিশন, রানাঘাটে ঘরে ঘরে পুলিশ-সিআরপিএফের সতর্কবার্তা

রানাঘাট:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোেট নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার সকাল থেকে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকায় টহল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ সুপারসহ শীর্ষ আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে এই টহলে অংশ নেন। বিশেষ করে হরিণঘাটা এলাকার একাধিক স্পর্শকাতর অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে সন্ত্রাস ও রিগিংয়ের অভিযোগ উঠেছিল, সেইসব এলাকাকে এবার বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে।

যেসব ব্যক্তির বিরুদ্ধে অতীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সতর্কবার্তা দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্পষ্ট জানানো হচ্ছে-ভোটের সময় কোনওরকম অশান্তি বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

প্রশাসনের দাবি, ২০২৬-এর বিধানসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য। সেই কারণেই আগাম এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের খবর, আগামী দিনগুলিতেও এলাকায় এই ধরনের টহল ও কড়া নজরদারি জারি থাকবে, যাতে ভোটের পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ থাকে।