মুর্শিদাবাদের সামসেরগঞ্জে লরির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত ২

Mar 16, 2026 - 07:24
 15
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে লরির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত ২

মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। শনিবার রাতে সামসেরগঞ্জ থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃতদের নাম আসিফ শেখ ও মারফাজ শেখ। জানা গিয়েছে, তাঁদের বাড়ি সামসেরগঞ্জের চাঁদনীদহা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে একটি দ্রুতগতির লরি যাচ্ছিল। সেই সময় জয়কৃষ্ণপুর এলাকায় কয়েকজন যুবক বাইক নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তাদের ধাক্কা মারে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও দু’জনের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।